বুধবার, ২৯ জুলাই ২০২৬

ষষ্ঠবারের মতো ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত হলেন মঈন চৌধুরী

ষষ্ঠবারের মতো ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত হলেন মঈন চৌধুরী

২৯ জুলাই ২০২৬, ১২:৫৯

নিউজ ডেস্ক

facebook sharing button
twitter sharing button
sharethis sharing button
whatsapp sharing button

যুক্তরাষ্ট্রের কুইন্স ডেমোক্রেটিক পার্টির ‘ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ’ পদে টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান আইনজীবী মঈন চৌধুরী। কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট লিডারদের প্রত্যক্ষ ভোটে তিনি পুনরায় এ দায়িত্ব লাভ করেন।

১৩ জুলাই অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ২৭ জুলাই নিশ্চিত করেন সিলেটের সন্তান মঈন চৌধুরী। তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে তালিকাভুক্ত প্রথম বাংলাদেশি-আমেরিকান আইনজীবীদের একজন হিসেবে পরিচিত।

ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ হিসেবে মঈন চৌধুরী কুইন্স ডেমোক্রেটিক পার্টির সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় দলীয় নেতৃত্ব ও নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরা এবং স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমন্বয় সাধনে ভূমিকা রাখবেন।

এ দায়িত্বের আওতায় তিনি যুক্তরাষ্ট্রের সিনেটর, কংগ্রেস সদস্যসহ বিভিন্ন নির্বাচিত প্রতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কাজ করবেন। এছাড়া নীতিনির্ধারকদের কাছে কমিউনিটির প্রয়োজন ও প্রত্যাশা তুলে ধরা, জনকল্যাণমূলক আইন প্রণয়নের পক্ষে জনসচেতনতা সৃষ্টি এবং বিচার বিভাগ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে যোগ্য ব্যক্তিদের দলীয় মনোনয়নের পক্ষে সমর্থন জানানোতেও ভূমিকা পালন করবেন।

উল্লেখ্য, নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের একাদশ জুডিশিয়াল ডিস্ট্রিক্টের বিচারপতি হিসেবে বাংলাদেশি-আমেরিকান সোমা সাঈদের মনোনয়নের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মঈন চৌধুরী।