বুধবার, ২৯ জুলাই ২০২৬

কমিউনিটির কল্যাণে কাজ করবে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া ও ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস

কমিউনিটির কল্যাণে কাজ করবে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া ও ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস

২৯ জুলাই ২০২৬, ০১:০২

নিউজ ডেস্ক

facebook sharing button
twitter sharing button
sharethis sharing button
whatsapp sharing button

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে যৌথভাবে কাজ করার লক্ষ্যে অংশীদারিত্ব গড়ে তুলছে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া এবং ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মিন্টোর সৈয়দ পার্টনারস অফিসে সংগঠন দুটির নেতাদের মধ্যে একটি অংশীদারিত্ব বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টসের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পুলক মজুমদার ও প্রতিষ্ঠাতা, পাবলিক অফিসার এবং সাধারণ সম্পাদক মেহেদী খান।

অন্যদিকে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সাইফুল হাসান চৌধুরী, নির্বাহী সদস্য মো ফয়েজ এবং নির্বাহী সদস্য সৈয়দ আকরামউল্লাহ। বৈঠকে কমিউনিটির সদস্যদের জন্য নিয়মিত হাইকিং কার্যক্রম, স্বাস্থ্য ও ফিটনেসভিত্তিক বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি, পারিবারিক অংশগ্রহণমূলক অনুষ্ঠান এবং ভবিষ্যতে আরও বিভিন্ন ক্রীড়া ও সামাজিক উদ্যোগ যৌথভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় নেতারা বলেন, বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে নিয়মিত হাঁটা ও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শুধু ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়নেই নয়, বরং কমিউনিটির মধ্যে পারস্পরিক পরিচিতি, বন্ধুত্ব ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আশা প্রকাশ করেন, চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া এবং ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টসের এই অংশীদারিত্বের মাধ্যমে নিয়মিত হাইকিংসহ বিভিন্ন ক্রীড়া ও স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম পরিচালিত হবে, যেখানে সব বয়সী কমিউনিটি সদস্য ও পরিবারগুলো অংশগ্রহণের সুযোগ পাবেন।

সভায় উভয় সংগঠনের প্রতিনিধিরা এই উদ্যোগকে দীর্ঘমেয়াদি ও কার্যকর অংশীদারিত্বে রূপ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, কমিউনিটির সুস্থ, সক্রিয় ও সম্প্রীতিপূর্ণ জীবনধারা গড়ে তুলতে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে যাবেন।