
গাইবান্ধায় তিন হাজার ফুট অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
২৯ জুলাই ২০২৬, ০১:২৯
নিউজ ডেস্ক
গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় তিনহাজার ফুট অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় প্রায় পাঁচকেজি পিরানহা মাছও জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার বামনডাঙ্গা, হরিপুর ও কঞ্চিবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, অভিযানে প্রায় তিন হাজার ফুট অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য একলাখ ৫০ হাজার টাকা। এছাড়া কঞ্চিবাড়ি ইউনিয়ন থেকে প্রায় পাাঁচ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা কারেন্টজাল উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায়, মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, সুন্দরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায় বলেন, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে উন্মুক্ত জলাশয়ের দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ কারেন্টজালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’