বুধবার, ২৯ জুলাই ২০২৬

ভক্তের কাণ্ডে আতঙ্কিত অভিনেত্রী, দিলেন আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

ভক্তের কাণ্ডে আতঙ্কিত অভিনেত্রী, দিলেন আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

২৯ জুলাই ২০২৬, ১২:৪৬

নিউজ ডেস্ক

facebook sharing button
twitter sharing button
sharethis sharing button
whatsapp sharing button

দক্ষিণী ও বলিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল ক্যারিয়ারজুড়ে অগণিত ভক্তের ভালোবাসা পেলেও সম্প্রতি শুটিং সেটে এক চরম অনভিপ্রেত ও বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। সম্প্রতি একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে তার ব্যক্তিগত ক্যারাভানে হঠাৎ ঢুকে পড়েন এক সহকারী পরিচালক। বিনা অনুমতিতে ঘরে ঢুকে শার্ট খুলে বুকের ছাতিজুড়ে থাকা কাজলের নামের ট্যাটু প্রদর্শন করেন ওই ব্যক্তি, যা দেখে মুহূর্তে আতঙ্কে শিউরে ওঠেন অভিনেত্রী।

ঘটনার বর্ণনা দিয়ে একটি সংবাদমাধ্যমকে কাজল বলেন, কয়েক দিন আগের কথা, একটি ছবির শুটিং শেষ করে আমি নিজের ক্যারাভানে বিশ্রাম নিচ্ছিলাম। ঠিক সেই সময় ছবিতে কর্মরত একজন সহকারী পরিচালক অনুমিত ছাড়া বা দরজায় কড়া না নেড়েই হঠাৎ আমার ক্যারাভানে ঢুকে পড়ে। সে ঢুকেই নিজের গায়ের শার্ট খুলে ফেলে এবং তার বুকে আঁকা আমার নামের ট্যাটু দেখায়। পুরো ঘটনায় আমি এতটাই স্তম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে আমার হাত ও পা কাঁপতে শুরু করেছিল।

অভিযুক্ত ব্যক্তি তার অনুরাগী হলেও এবং শরীরে তার নাম ট্যাটু করানোর বিষয়টিকে সম্মানের চোখে দেখলেও সেটের এই অনাকাঙ্ক্ষিত ও অপেশাদার আচরণকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন কাজল। তিনি স্পষ্ট জানান, একজন মানুষ আমাকে ভালোবেসে তার শরীরে আমার নাম ট্যাটু করিয়েছে—এ কথা ভেবে আমার ভালো লেগেছিল ঠিকই। কিন্তু একজন নারী যখন একা থাকেন, তখন কোনো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত কক্ষে প্রবেশ করা সম্পূর্ণ নীতিবিরুদ্ধ ও অনুচিত। কেউ যতই বড় ভক্ত হোক না কেন, এই ধরনের আচরণ কখনোই সমর্থনযোগ্য নয়। আমি তাকে সতর্ক করে জানাই যে এই কাজের জন্য তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে এবং তারপর তাকে সেখান থেকে বের করে দিই।

উল্লেখ্য, ২০০৪ সালে হিন্দি ছবি ‘কিউঁ! হো গয়া না...’-এ একটি পার্শ্বচরিত্রের মাধ্যমে রুপালি জগতে পা রেখেছিলেন কাজল আগারওয়াল। তবে ২০০৯ সালে এস এস রাজামৌলির ঐতিহাসিক ফ্যান্টাসি সিনেমা ‘মাগাধীরা’ তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। এরপর ‘ডার্লিং’, ‘বৃন্দাবনম’, ‘মি. পারফেক্ট’, ‘বিজনেসম্যান’, ‘নায়ক’, ‘বাদশাহ’, ‘ইয়েভাদু’ এবং ‘টেম্পার’-এর মতো একের পর এক সুপারহিট বাণিজ্যিক চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান সুদৃঢ় করেন তিনি।

বলিউডেও তার ঝুলিতে রয়েছে বড় সাফল্য। অজয় দেবগনের বিপরীতে ব্লকবাস্টার অ্যাকশন ছবি ‘সিংহাম’ এবং ক্রাইম থ্রিলার ‘স্পেশাল ২৬’-এ অভিনয় করে তিনি সর্বভারতীয় স্তরে প্রশংসিত হন। 

কাজল আগারওয়ালের নতুন সিনেমা ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ গত ২৪ জুলাই সিনেমা হলে মুক্তি পেয়েছে।