১০–এ প্রথম দেখা, ২২–এ প্রেম, ২৬–এ বিয়ে—এরপর আবুল হায়াত–শিরিন কাটালেন ৫৬ বছর
নিউজ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০০:৩৩ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০০:৩৩
রেণ্য অভিনেতা আবুল হায়াতের সঙ্গে মাহফুজা খাতুন শিরিনের দাম্পত্যজীবনের ৫৬ বছর পূর্ণ হয়েছে আজ। ১৯৭০ সালের ৪ ফেব্রুয়ারি আক্দ হয় তাঁদের। এরপর এই দম্পতি দীর্ঘ এই সময়ে জীবনের নানা চড়াই–উতরাই একসঙ্গে অতিক্রম করেছেন। বিনোদন অঙ্গনে তাঁদের সংসারজীবনকে একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখা হয়।
বিনোদন অঙ্গনে হরহামেশা সংসার ভাঙার খবর শোনা যায়। এর মধ্যে যে কজন ব্যতিক্রম তাঁদের মধ্যে আবুল হায়াত অন্যতম। মেজ দুলাভাই মনিরুজ্জামানের ছোট বোন মাহফুজা খাতুন শিরিনের সঙ্গে কাটিয়ে দিয়েছেন দাম্পত্যজীবনের ৫৬টি বছর। এই দীর্ঘ সংসার জীবনযাপনের একটাই রহস্য—বিশ্বাস, আস্থা, ভালোবাসা, সুখ–দুঃখ সবকিছুকে হাসিমুখে ভাগ করে নেওয়া।
পরিবার ও উদ্যাপন
আবুল হায়াত ও মাহফুজা শিরিন দম্পতির দুই সন্তান—বিপাশা হায়াত ও নাতাশা হায়াত। বিপাশা ও তৌকীর আহমেদ দেশের বাইরে থাকায় নাতাশা-শাহেদ ও তাঁদের সন্তানদের নিয়ে কেক কেটে দাম্পত্যজীবনের ৫৬ বছর পূর্তি উদ্যাপন করেন তাঁরা। যুক্তরাষ্ট্র থেকে ভিডিওকলে ছিলেন বিপাশা–তৌকীর ও তাঁদের সন্তানেরা। ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকেই। এই দিনে তিনি নিজের ও পরিবারের জন্য সবার দোয়া কামনা করেছেন।
