শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বিশ্বকাপের শুরুতেই পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১০ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১০

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগেই বড় দুশ্চিন্তায় পাকিস্তান শিবির। প্রতিপক্ষ নয়, বরং আবহাওয়াই হয়ে উঠছে তাদের প্রথম এবং সবচেয়ে কঠিন পরীক্ষা। শনিবার গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার কথা বাবর আজমদের। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলঙ্কার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। কিন্তু বৃষ্টির পূর্বাভাস সেই ম্যাচ আয়োজন নিয়েই তৈরি করেছে বড় অনিশ্চয়তা।

কলম্বোর এই ভেন্যুতে বৃষ্টি নতুন কোনো গল্প নয়। অতীতেও একাধিক আন্তর্জাতিক ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে এই মাঠে। এমনকি ২০২৫ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের তিনটি ম্যাচই এখানে পরিত্যক্ত হয়েছিল। চলতি আসরের আগে প্রস্তুতি ম্যাচেও সেই একই চিত্র-পাকিস্তান বনাম আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস ম্যাচ এক বল না গড়িয়েই বাতিল হয় বৃষ্টির কারণে।

আবহাওয়ার পূর্বাভাসও আশার আলো দেখাচ্ছে না। বিবিসি ওয়েদারের তথ্য অনুযায়ী, টসের সময় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৩৭ শতাংশ। অ্যাকুওয়েদার জানিয়েছে, দুপুরের দিকে বৃষ্টির ঝুঁকি আরও বাড়তে পারে। অন্যদিকে ওয়েদার ডট কম বিকেলে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতাও জারি করেছে। সব মিলিয়ে পুরো ম্যাচ নির্বিঘ্নে আয়োজন হওয়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

এই ম্যাচটি পাকিস্তানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেওয়ায় গ্রুপ পর্বে ভুল করার কোনো সুযোগ নেই তাদের। যদি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তাহলে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারালেও পাকিস্তানের সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াবে পাঁচে।

একইভাবে নেদারল্যান্ডসও তখন পাঁচ পয়েন্টে পৌঁছাতে পারে। ফলে সুপার রাউন্ডে ওঠার লড়াই গড়াতে পারে নেট রান রেটের হিসাবেই। একটি ম্যাচ কার্যত আগেই হারানোর পরিস্থিতিতে শুরু থেকেই চাপ বাড়বে পাকিস্তানের নেট রান রেটের ওপর।

সবকিছু মিলিয়ে, বিশ্বকাপের প্রথম ম্যাচেই যদি বৃষ্টি বড় বাধা হয়ে দাঁড়ায়, তবে পাকিস্তানের টুর্নামেন্ট যাত্রা শুরু থেকেই হয়ে উঠতে পারে বেশ কঠিন ও হিসাব-নিকাশের।

আরও পড়ুন