সাকিবকে দলে না চাওয়া মানে বোকার স্বর্গে বাস করা, বলছেন সালাহউদ্দীন
নিউজ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০০:২৯ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০০:২৯
দেড় বছর ধরে সাকিব আল হাসান নেই জাতীয় দলে। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগই এখন ক্রিকেটার সাকিবের ঠিকানা। তবে সম্প্রতি বিসিবি তাঁকে আবার জাতীয় দলে ফেরানোর ঘোষণা দিয়েছে। ফর্ম-ফিটনেস ঠিক থাকলে নির্বাচকেরা তাঁকে জাতীয় দলের জন্য বিবেচনা করতে পারবেন।
কিন্তু ৩৯ বছর বয়সী সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য আসলে কতটা ফিট? ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন ঠিকই, কিন্তু পারফরম্যান্স কি খুব আহামরি কিছু? দেড় বছর ধরে তো তাঁকে ছাড়াই তিন সংস্করণের ক্রিকেটে খেলছে বাংলাদেশ দল।
সাকিবের একসময়ের কোচ মোহাম্মদ সালাহউদ্দীন অবশ্য জাতীয় দলে এখনো সাকিবের প্রয়োজনীয়তা অনুভব করেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি টুর্নামেন্ট–পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলছিলেন ধূমকেতু একাদশের কোচ সালাহউদ্দীন। সেখানেই এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘দেখুন, যদি কেউ বলে যে সাকিবকে আমি দলে চাই না, আমার মনে হয় সে তাহলে এখনো বোকার স্বর্গে বাস করছে।’
